ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংকের পাঠানো চিঠি প্রকাশের জন্য সরকারকে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
একলাছ উদ্দিন ভূইয়া নামে ওই আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে প্রধানমন্ত্রীর প্রেসসচিব, তথ্যমন্ত্রী, তথ্য অধিকার কমিশনের কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে এই নোটিস পাঠানো হয়েছে।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। তবে দুর্নীতির অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে সরকার।
বিশ্ব ব্যাংক বলছে, দুর্নীতির বিষয়গুলো জানিয়ে এবং প্রকল্প দুর্নীতিমুক্ত করতে তারা সরকারকে চিঠিতে কয়েকটি পরামর্শও দিয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া তারা পায়নি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবশ্য বিশ্ব ব্যাংকের চিঠির জবাবে সরকারের পাঠানো চিঠিগুলো প্রকাশ করেছেন। তবে বিশ্ব ব্যাংকের পাঠানো চিঠিগুলো প্রকাশের দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি।
আইনি নোটিস পাঠানো একলাছ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, “পদ্মা সেতু দুর্নীতি সম্পর্কে বিশ্ব ব্যাংকের চিঠিতে কী তথ্য আছে, তা তথ্য অধিকার আইন অনুসারে একজন নাগরিকের জানার অধিকার রয়েছে।”
“পদ্মা সেতু দুর্নীতি সম্পর্কে দেশে-বিদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই এ বিষয়ে সঠিক তথ্য পরিবেশন না করা তথ্য অধিকার আইনের পরিপন্থী এবং সংবিধানের লংঘন,” বলেন তিনি।
নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে চিঠিগুলোর প্রকাশ চাওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১১৮ ঘ.
bdnews24