২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবান্ধা দিয়ে পাথর আমদানি আবার শুরু

শুল্কায়ন জটিলতায় সাত মাস বন্ধ থাকার পর পুনরায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 05:10 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

পঞ্চগড়, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্কায়ন জটিলতায় সাত মাস বন্ধ থাকার পর পুনরায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার দুটি ট্রাকে করে ৩৫ মেট্রিক টন পাথরের দুটি চালান ভারত থেকে আসার মধ্যদিয়ে পুনরায় আমদানি শুরু হল বলে জানান বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। গত বছরের ২২ জানুয়ারি তেঁতুলিয়ার এ স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশ মতো এ বন্দর দিয়ে ভারত থেকে ব্যবসায়ীরা শুধু পাথর আমদানি করতে পারেন। তবে, বাংলাদেশ থেকে রপ্তানি হয় অনেক পণ্যই। এনবিআর এর এক নির্দেশে প্রতি ঘনফুট পাথর আমদানির ক্ষেত্রে ২০ ভাগ শুল্ক বেড়ে গেলে গত বছরের ২২ ডিসেম্বর আমদানি বন্ধ করে দেন বলে জানান ব্যবসায়ীরা। আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান বাবলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেণ, “দীর্ঘদিন পর পাথর আমদানি শুরু হওয়ায় বন্দরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।” তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত ৩০০ মেট্রিক টন পাথর আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। এনবিআরের কাছে পাথর ছাড়াও ভারত থেকে আরো কয়েকটি পণ্য আমদানির আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাবান্ধা শুল্ক স্টেশনের সহকারি কমিশনার সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন করে ব্যবসায়ীরা পাথর আমদানি শুরু করেছেন। এতে বন্দরের কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি সন্তোষজনক রাজস্বও আদায় হবে বলে আশা করেন এই শুল্ক কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০৮ ঘ.