২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীর যানজট কমাতে বিকল্প পথ

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়াল সেতুর নির্মাণ কাজের জন্য যে যানজট হচ্ছে তা কমাতে ঈদের সময় চট্টগ্রাম ও সিলেটের গাড়িগুলো বিকল্প তিনটি পথে চলাচল করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলিস্তান-যাত্রাবাড়ী উড়াল সেতুর নির্মাণ কাজের জন্য যে যানজট হচ্ছে তা কমাতে ঈদের সময় চট্টগ্রাম ও সিলেটের গাড়িগুলো বিকল্প তিনটি পথে চলাচল করবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার নারায়ণগঞ্জে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উড়াল সেতুর কাজ চলার কারণে যাত্রাবাড়ীতে যানজট হচ্ছে। ঈদে ঘরমুখী মানুষের ঢল নামলে যানজট আরো বাড়বে। “যানজট ও জনদুর্ভোগ কমাতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানগুলো তিনটি বিকল্প পথে চলাচল করবে। এতে ভোগান্তি কিছুটা হলেও কমবে।” রাজধানী থেকে চট্টগ্রামগামী গাড়িগুলো ঢাকা-টঙ্গী স্টেশন-রামচন্দ্রীপুর বাজার-কাঞ্চন সেতু-মদনপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠবে। সিলেটগামী গাড়িগুলো ঢাকা-টঙ্গী স্টেশন-মিরের বাজার-ঘোড়াশাল সেতু-পাঁচদোনা হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাতায়াত করবে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটের গাড়িগুলো পোস্তগোলা হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়ক দিয়ে চাষাঢ়া এসে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড দিয়েও চলাচল করতে পারবে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্ভিঘœ করতে সকল রুটে সংস্কার কাজ চলছে বলেও জানান মন্ত্রী। দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে পাগলা বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মেহেদী হাসান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন পনির। পরে ওবায়দুল কাদের আকস্মিকভাবে কেরানীগঞ্জের ইকুরিয়ার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বে অবহেলার কারণে পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১৫০ ঘ.