সাতক্ষীরা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়ায় কুপিয়ে হত্যার পর ফেলে যাওয়া দুই ‘চোরাকারবারির’ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামের আবুল গাজীর ছেলে হাফিজুল ইসলাম হাফি (৩৫) এবং একই গ্রামের ইমান আলীর ছেলে মশিয়ার রহমান (৪৫)।
কলারোয়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মাঠে দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতদের মুখে ও গলায় অসংখ্য দায়ের কোপ রয়েছে।
“নিহতরা পেশাদার চোরাকারবারি, তাদের নামে থানায় মামলা রয়েছে,” বলেন তিনি।
ওসির ধারণা, চোরাচালানি চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে।
তিনি জানান, এ ঘটনায় মশিয়ারের ছেলে মফিজুল ইসলাম বাদি হয়ে দুপুরে থানায় মামলা দায়ের করেছে। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২১ ঘ.
bdnews24