২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পাথর শ্রমিকদের সড়ক অবরোধ

ড্রেজার দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার পাথর শ্রমিকরা সোমবার ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

পঞ্চগড়, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড্রেজার দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার পাথর শ্রমিকরা সোমবার ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন। দুপুর ১২টা থেকে আন্দোলনকারীরা পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের কয়েকটি স্থানে অবরোধ সৃষ্টি করে। জেলা প্রশাসন বিকালে তাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় বলে জানান সংশ্লিষ্টরা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের বঠক থেকে বেরিয়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, বিকালে জেলা প্রশাসনের সঙ্গে শ্রমিকদের বৈঠকে মঙ্গলবারের মধ্যে ড্রেজার মেশিন দিয়ে পাথর তোলা বন্ধ ও মেশিনগুলো অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। পরে প্রশাসনের অনুরোধে শ্রমিকরা সন্ধ্যা ৬টায় তাদের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় বলে জানান ইউএনও। জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুত কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৯ সালের মাঝামাঝি থেকে তেঁতুলিয়ার ডাহুক নদী, নদীপাড়ের খাসজমি, ভজনপুর ও ভদ্রেশ্বরসহ বিভিন্ন এলাকায় শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে পাথর উত্তোলন শুরু করে একটি প্রভাবশালী মহল। এতে মাটি কেটে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনকারী শ্রমিকরা বেকার হওয়ার আশঙ্কায় পড়েন। তারা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে আন্দোলন শুরু করেন। এ নিয়ে ২০০৯ সালের ১ সেপ্টেম্বর ড্রেজার মেশিন মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আমিরুল ইসলাম (৪০) নামে এক পাথর শ্রমিক নিহত হন। এরপর থেকে ওই এলাকায় ড্রেজার দিয়ে পাথর উত্তোলন বন্ধ ছিল। সম্প্রতি প্রভাবশালী মহলটি আবারো ওই স্থান থেকে ড্রেজার দিয়ে পাথর উত্তোলন শুরু করেছে। ড্রেজার দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে গত ৮ জুলাই শ্রমিকরা চার ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে প্রশাসন দুদিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। কিন্তু তাতে কোনো কাজ না হলে পাথর শ্রমিকরা সোমবার দুপুর থেকে আবারো অনির্দিষ্টকালের সড়ক অবরোধে নামে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় শ্রমিকরা পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের তেঁতুলিয়ার চৌরঙ্গী মোড়, ভজনপুর বাজার ও ডিগ্রি কলেজ, মাগুড়মারি চৌরাস্তাসহ কমপক্ষে ১০টি স্থানে গাছের গুড়ি, বাঁশ ও ভাঙ্গা বৈদ্যুতিক খুঁটি দিয়ে যান চলাচলে বাঁধা দেন। একই সঙ্গে শ্রমিকরা এসব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এতে সড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকা পড়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পাথর শ্রমিকদের নেতা মুক্তারুল হক মুকু জানান, দাবি পূরণে প্রশাসনের প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে আবারো শ্রমিকরা রাজপথে নেমে আসবে। তেঁতুলিয়া থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, সন্ধ্যায় শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১২৯ ঘ.