ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের হাওড় অঞ্চলের মাছের প্রক্রিয়াজাত এবং সংরক্ষণে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে আইএফএডি প্রেসিডেন্ট কানায়ো এফ এনওয়ানজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব বিজন লালদেব এ বিষয়ে সাংবাদিকদের বলেন, হাওড় এলাকায় মাছের সংরক্ষণ নিশ্চিত করতে এবং প্রক্রিয়াজাতকরণে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী।
কানায়ো এফ এনওয়ানজে বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় কিছু পদক্ষেপ নেওয়া হবে এবং এক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশে কৃষি উন্নয়নে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের সাতটি প্রকল্প নেওয়ার কথাও জানান তিনি।
কানায়ো এফ এনওয়ানজে বলেন, এর বাইরে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ভিশন ২০২১ এর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ছয় বছর মেয়াদি প্রকল্প নেবে আইএফএডি।
পরে মেডট্রোনিক ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ওমর ইশরাক ও সাউথ এশিয়া ইন্ডিয়া মেডট্রোনিক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট মিলিন্ড শাহ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯৪৩ ঘ.
bdnews24