২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালী হত্যাকাণ্ড: বাদীকে আসামিপক্ষের জেরা

বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলায় বাদী বিমল শীলকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে অবশিষ্ট জেরার জন্য ২ অগাস্ট তারিখ রেখেছেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলায় বাদী বিমল শীলকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে অবশিষ্ট জেরার জন্য ২ অগাস্ট তারিখ রেখেছেন বিচারক। সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা হোসনে আরা বেগমের আদালতে তাকে জেরা করেন আসামি নুরুল ইসলামের আইনজীবী। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদীর জেরা অসমাপ্ত থাকায় আগামী ২ অগাস্ট বিচারক পরবর্তী দিন রেখেছেন। ওইদিন বাদীকে আসামিপক্ষের আইনজীবীরা পুণরায় জেরা করবেন বলেও জানান তিনি। গত ২৭ জুন বাদী বিমল শীলের জবানবন্দি গ্রহণ করে আদালত। সেদিন আসামিপক্ষের এক আইনজীবী তাকে আংশিক জেরাও করেছিলেন। চাঞ্চল্যকর এ ঘটনায় ৩৭ আসামির বিরুদ্ধে গত ১৯ এপ্রিল নতুন করে অভিযোগ গঠন করা হয়। এতে ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’ এর পরিবর্তে ‘সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগ আনা হয়। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় মামলার আসামি বিএনপিনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নতুন দুটি ধারায় অভিযোগ আনা হয়নি। আগের ধারায় অভিযোগ গঠনের পর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ সাত দফা পেছানো হয়। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে তার দোতলা মাটির ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয় একদল সন্ত্রাসী। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ ২০১১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন। ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭১৬ ঘ.