ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় চার মাসের জামিন পেয়েছেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।
সোমবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও কেএম কামরুল কাদেরের বেঞ্চে হাজির হয়ে আনোয়ার হোসেন মঞ্জু জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
আদালতে আহসানুল করিম ও ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল।
মানহানির অভিযোগে গত ৪ জুন নয়াদিগন্ত, ইত্তেফাক ও সংগাম সম্পাদকসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করেন তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এলিফেন্ট রোড শাখার কর্মকর্তা এ এস এম নজরুল ইসলাম।
গত ৮ জুলাই ঢাকার মহানগর হাকিম মো. এরফান উল্লাহ দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় অভিযোগ করা হয়, ওই তিন পত্রিকা গত ১৪ ফেব্র“য়ারি তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নামে একটি বিজ্ঞাপন প্রকাশ করে, যাতে মামলার বাদিকে ধরিয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।
এতে মানহানি হয়েছে দাবি করে নজরুল ইসলাম আর্জিতে বলেন, “এর আগে ওই বীমা প্রতিষ্ঠানের কর্তারা আমার বিরুদ্ধে একটি মিথ্যা ফৌজদারি মামলা করে। ওই মামলার বরাত দিয়েই ধরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এনইউ/১২১৫ ঘ.
bdnews24