২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ট্রেনে বসা নিয়ে সাংবাদিক লাঞ্ছিত ছাত্রলীগকর্মীর হাতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে সিটে বসা নিয়ে এক সাংবাদিককে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে সিটে বসা নিয়ে এক সাংবাদিককে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম হাসান রিয়াদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক মেহেদী হাসান নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগকর্মী লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী একটি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফরহান অভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের বগি সংগঠন ‘অলওয়েজ’র সদস্যরা রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাওয়া শাটল ট্রেনের কয়েকটি আসন নিজেদের দাবি করে সেগুলোর একটিতে বসা থাকা রিয়াদকে উঠে যেতে বলে। “রিয়াদ সেখান থেকে উঠতে অস্বীকৃতি জানালে মেহেদির নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগকর্মী শার্টের কলার ধরে তাকে সেখান থেকে টেনে তুলে দেয়। এ সময় তারা রিয়াদকে অকথ্য ভাষায় গালাগালিও করে,” বলেন অভি। মেহেদির সঙ্গে থাকা ছাত্রলীগকর্মীদের মধ্যে দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদকে চিনতে পেরেছেন অভি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বলেছেন, এই ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, “আমি শুনেছি এক সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। ওই সাংবাদিকের অভিযোগ পেলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” বিশ্ববিদ্যালয়ের দুইটি শাটল ট্রেনে প্রায় ২০ থেকে ২৫টি বগিতে ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠন রয়েছে। এ সব সংগঠনের নামে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিটি বগিতে ১২ থেকে ১৫টি আসন নিজেদের বলে দাবি করে। এর আগে বিভিন্ন সময়ে একই কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা সাংবাদিকসহ অনেককে লাঞ্ছিত করেছে। গত ১৮ এপ্রিল 'সিক্সটি নাইন’ বগিতে নিজেদের দাবি করা সিটে বসায় একটি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রণি দত্তকে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঞ্ছিত করে। ১৩ এপ্রিল বগিভিত্তিক সংগঠন 'ভার্সিটি এক্সপ্রেস’র সদস্যরা ছুরি দেখিয়ে ট্রেনের বগি থেকে নামিয়ে দেয় দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে। তার আগে গত ৩০ জানুয়ারি নিউএইজ’র প্রতিনিধি মিজানুর রহমানকে লাঞ্ছিত করে ছাত্রলীগকর্মীরা। গত ২ ফেব্রুয়ারি আমার দেশ প্রতিনিধি বেলাল উদ্দিন, কালের কন্ঠ প্রতিনিধি শামীম হাসানকে শাটল ট্রেনে ছাত্রলীগ নিয়ন্ত্রিত আসনে বসার অজুহাতে লাঞ্ছিত হতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/এমআই/২১৪৫ ঘ.