হবিগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নলকূপের পানি পান করে ব্র্যাক স্কুলের ৩৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
রোববার উপজেলার বরমপুর গ্রামে ব্র্যাক স্কুলের পাশের একটি নলকূপের পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক হায়দার আলী খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিউবওয়েলে বা জগে বিষ জাতীয় কোনো কিছু মেশানো থাকতে পারে। পানি পানকারী শিক্ষার্থীরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।”
অসুস্থ শিক্ষার্থীদের বেশিরভাগই চতুর্থ শ্রেণীর।
হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া, ইয়াসমিন, রিপন, শিরিন, জুবায়ের, দিলারাসহ অনেকেই জানায়, বিকালে সহপাঠী শাকিল বিদ্যালয়ের পাশের একটি টিউবওয়েল থেকে একটি জগে করে পানি নিয়ে আসে। এ পানি যারা পান করে কিছুক্ষণ পরই তাদের মাথা ও পেটব্যথা শুরু হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষক স্থানীয় কবিরাজের মাধ্যমে তাদের সুস্থ করার চেষ্টা করেন। এতে কাজ না হলে সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের হাসপাতালে এনে ভর্তি করা হয় বলে জানান শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৫ ঘ.
bdnews24