নারায়ণগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর ২টায় শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় ভরদুপুরে ছাত্রলীগের ওই নেতাসহ তিনজনকে কুপিয়ে সন্ত্রাসীরা চলে গেলেও ভয়ে কেউ এগিয়ে যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
নিহত শহিদুল ইসলাম মিঠু (৩২) জেলা ছাত্রলীগের আগের কমিটির সদস্য ছিলেন। আহতরা হলেন সবুর (৩১) ও সুমন (৩০)।
মিঠু শহরের মাসদাইর গাবতলী এলাকার বাসিন্দা জেলা শিক্ষা কার্যালয়ের সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা খুরশিদুল আলমের ছেলে। মিঠু এলজিইডির ঠিকাদারির পাশাপাশি শহরের চারাগোপ এলাকায় গাছের ব্যবসা করতেন।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টায় মিঠুসহ তিন জনকে একসঙ্গে কুপিয়েছে সন্ত্রাসীরা। বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যান।
পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
নিহত মিঠু (৩২) নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের বিগত কার্যকরি কমিটির সদস্য ছিলেন বলে জানান জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এহসানুল হক নিপু।
মিঠুর বাবা খুরশিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিঠু, সবুরও সুমন রিকশায় করে ধোপাপট্টি এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তিনটি মোটর সাইকেলে একদল সন্ত্রাসী এসে তাদের ওপর হামলা চালায়।
“তিনজনকেই রাস্তায় ফেলে প্রকাশ্যে কোপায় সন্ত্রাসীরা। এ সময় আহতরা চিৎকতার করলেও ভয়ে কেউ তাদের বাঁচাতে আসেনি। আধাঘণ্টা ধরে এই তাণ্ডব চালানোর পর সন্ত্রাসীরা সবার সামনে দিয়েই এলাকা ছেড়ে যায়,” বলেন তিনি।
রক্তাক্ত জখম অবস্থায় তিন যুবকই দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে ছিলেন। পরিচিত ও পরিবারের লোকজন গিয়ে তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মিঠু মারা যান বলে জানান খুরশিদুল আলম।
তিনি সাংবাদিকদের বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসা নিয়ে মিঠুর সঙ্গে সন্ত্রাসীদের পূর্ববিরোধ ছিল।
তার জের ধরে সড়ক পরিবহন ব্যবসায়ী জিলানীর ছেলে উজ্বল, রফিক, খোকন ওরফে চাচা খোকন, চাষাঢ়া এলাকার হামিম বাহিনীর প্রধান হামিম ও ইসদাইর এলাকার শ্যামার নেতৃত্ব একদল সন্ত্রাসী তার ছেলে মিঠুকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেন খুরশিদুল।
শহরের মধ্যে প্রকাশ্য দিবালোকে এ ধরনের খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার পরপরই ধোপাপট্টি এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশের ভূমিকায়ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০৫৭ ঘ.
bdnews24