২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুর লেলিয়ে হত্যা: আসামি সাজুর জামিন নাকচ

কুকুর লেলিয়ে দেওয়ার পর ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যামামলার আসামি শাহাদাত হোসেন সাজুর জামিন আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুকুর লেলিয়ে দেওয়ার পর ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যামামলার আসামি শাহাদাত হোসেন সাজুর জামিন আবেদন নাকচ করেছে আদালত। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে জামিন আবেদন জানান সাজুর আইনজীবীরা। বিচারক শুনানি শেষে ওই আবেদন নাকচ করেন বলে বাদিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এদিকে, হত্যাকাণ্ডের প্রায় দুইমাস পার হলেও এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশে একটি বাড়ির ছাদে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয় চট্টগ্রামের সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ২৩ মে রাজধানীর একটি হাসপাতালে মারা যান হিমাদ্রী। এ ঘটনায় তার মামা বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরবর্তী কালে গত ২ জুন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে সাজুকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে একদফা জিজ্ঞাসাবাদও করা হয়। তবে সাজু পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিলেও পুলিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়নি বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি সারাদেশে ব্যাপক আলোচিত হলেও এ মামলার অপর চার আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৩৫ ঘ.