গাজীপুর, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনের হুমকি দিয়েছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার দুপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ডুয়েট শিক্ষক সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক ও মেকানিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “আমাদের দাবি অনুযায়ী ডুয়েটের শিক্ষকদের মাঝ থেকে উপাচার্য নিয়োগ করা না হলে নতুন উপাচার্যকে সহযোগিতা করা হবে না এবং বুয়েটের মতো পরিস্থিতি তৈরি হবে।”
এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সমিতির নির্বাহী কমিটির সদস্যসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান বলেন, “গাজীপুরের প্রকৌশলে উচ্চশিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান ডুয়েটে বাইরে থেকে উপাচার্য নিয়োগ দেওয়ায় বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের তেমন কোন আগ্রগতি হয়নি।”
ডুয়েটের প্রথম উপাচার্য হিসেবে বুয়েটের শিক্ষক ড. মো. আনোয়ারুল আজীম নিয়োগ পেয়েছিলেন। তার মেয়াদ শেষের আগেই নিয়োগ দেওয়া হয় বুয়েটের আরেক শিক্ষক ড. মোহাম্মদ সবদার আলী।
গত ৩ জুলাই থেকে ডিন ও বিভাগীয় প্রধানরা উপাচার্যের ডাকা কোনো সভায় অংশ নিচ্ছেন না। এ ছাড়া নতুন হল স্থাপনের জন্য আরো জমি অধিগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।
শিক্ষক নেতা কামরুজ্জামান বলেন, “২৮ জুন সবদার আলীর মেয়াদ শেষ হয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ করা’র বিষয়ে দাবি জানিয়ে আসছি। তবে সরকার কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ডুয়েটে অচলাবস্থা বিরাজ করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২০০২ ঘ.
bdnews24