২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ-বগুড়ায় দুর্ঘটনায় নিহত ৫

নওগাঁ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন ছাত্রদলের নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

নওগাঁ/বগুড়া, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন ছাত্রদলের নেতা। নওগাঁর মান্দা উপজেলায় বাসের ধাক্কায় একটি ভটভটি উল্টে তিনজন এবং ট্রাকের ধাক্কায় বগুড়ার দুপচাঁচিয়া ও শেরপুরে অন্য দুই জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টায় নওগাঁ-রাজশাহী সড়কের দেলুয়াবাড়ি পশু প্রজনন কেন্দ্রের সামনে বাসের ধাক্কায় একটি ভটভটি উল্টে তিন জন মারা যান। নিহতরা হলেন- উপজেলার মজিদপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী সহিদা বেগম (৬০), তার মেয়ে কারিমা (৪০), রাজশাহীর তানোর উপজেলার ধানতৈড় গ্রামের দেলজান মণ্ডলের ছেলে আরজান আলী (৬২)। মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহীগামী যমুনা পরিবহনের একটি বাস ভটভটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভটভটি উল্টে ঘটনাস্থলেই সহিদা ও আরজান মারা যান। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান সহিদার মেয়ে কারিমা। দুর্ঘটনায় আহত কামরুজ্জামান (৫০), আব্দুল আলিম (৩৫), বিলকিছ (৮) ও আব্দুল বারীকে (৭০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলা সদরের সিও বাসস্ট্যান্ড এলাকায় রোববার বিকালে ট্রাকচাপায় থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক (৩০) নিহত হন। তিনি উপজেলার চৌমুহনী বাজারের মৃত সামাদ সোনারের ছেলে। দুপচাঁচিয়া থানার ওসি নূর ইসলাম জানান, ঘটনার পর ছাত্রদলের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ট্রাকটি ভাংচুর ও রাস্তা অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৬ ঘ.