২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সাবেক এপিএস খাইরুল আবাসন পরিদপ্তরে

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক পদে কর্মরত যুগ্ম-সচিব শাওলী সুমনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক পদে কর্মরত যুগ্ম-সচিব শাওলী সুমনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস-১) উপসচিব খাইরুল ইসলামকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এই নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়। একইদিন আরো ছয় যুগ্ম-সচিব, তিন উপসচিব এবং চারজন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদে রদবদল করা হয়েছে। শাওলী সুমন সম্প্রতি যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়ার পর তাকে একইপদে বহাল রাখা হয়েছিল। খাইরুল ইসলামকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরিয়ে গত বৃহস্পতিবার অর্থ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়। কিন্তু পরবর্তী কার্যদিবসেই আদেশটি বাতিল করা হয়েছে। বদলি হওয়া অন্য যুগ্ম-সচিবদের মধ্যে ওএসডি বিনয় ভূষণ তালুকদারকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য পদে প্রেষণে নিয়োগ এবং ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে বদলির আদেশ পাওয়া খালিদ মাহমুদকে ওএসডি করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব মো. নাসিরুজ্জামানকে কৃষি মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অ্যাগ্রিকালচারাল প্রোডাকটিভিটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং রাষ্ট্রপতির কার্যালয়ের যুগ্ম-সচিব সীমা সাহাকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার অধিকারীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওএসডি যুগ্ম-সচিব মিজানুর রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব পদে বদলি ও পদায়ন করা হয়েছে। উপসচিবদের মধ্যে পার্বত্য বান্দরবান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম নাসিরুল আলমকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এবং ওই মন্ত্রণালয়ের উপসচিব বিকাশ চন্দ্র সিকদারকে বান্দরবান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত উপসচিব রুহুল আমিন খানকে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এমএম আরিফ পাশাকে খুলনা, চাঁদপুরের কচুয়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম বড়–য়াকে জয়পুরহাট, ফেনী সোনাগাজীর সাবেক ইউএনও মোহাম্মদ নুরুল্লাহ নূরীকে নড়াইল এবং নেত্রকোনার দূর্গাপুরের সাবেক ইউএনও সঞ্জয় চক্রবর্তীকে রাজশাহীর এডিসি নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯২৮ ঘ.