২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালে মাদ্রাসায় বিক্ষোভ

পঞ্চগড়ের আটোয়ারীতে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের প্রতিবাদে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

পঞ্চগড়, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের আটোয়ারীতে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের প্রতিবাদে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার দুপুরে বার-আউলিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গত ২১ মার্চ এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক জাকিউল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা না পাওয়ার প্রতিবেদন দিলে মাদ্রাসার পরিচালনা পরিষদ গত ২৩ জুন তাকে চাকরিতে পুনরায় বহালের সিদ্ধান্ত নেয়। মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি জয়েন উদ্দীন বলেন, “তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরিষদে সর্ব সম্মতিতে বরখাস্তের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে এতে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ক্ষুব্ধ হওয়ার বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। অভিযুক্ত জাকিউল পরিচালনা পরিষদের সদস্যদের নানাভাবে প্রভাবিত করেছে দাবি করে এক অভিভাবক দেলোয়ার হোসেন বলেন, “তারাই অত্যন্ত গোপনে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করেন।” মাদ্রাসা সুপারিন্টেডেন্ট আব্দুর রউফ বলেন, “পরিচালনা পরিষদের চাপে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।” প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মাদ্রাসা প্রাঙ্গণে জাকিউলের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ করে। পরে মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক জাকিউলের বড় ভাই খালেকুজ্জামান বলেন, “বৈধভাবে সব প্রক্রিয়া মেনে তার ভাইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০২ঘ.