২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি পেছালো

বিচারক বদলী হওয়ায় লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা অস্ত্র মামলায় আদালতের অভিযোগ গঠনের শুনানি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঝালকাঠী, জুলাই ১৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারক বদলী হওয়ায় লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা অস্ত্র মামলায় আদালতের অভিযোগ গঠনের শুনানি হয়নি। মামলায় ঝালকাঠী বিশেষ ট্রাইবুনাল-২ আদলতের বিচারক সম্প্রতি বদলী হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক মনজুরুল ইমান আগামী ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন বলে জানান লিমনের আইনজীবী মানিক আচার্য্য। এ নিয়ে এ মামলায় আটবার তারিখ ধার্য হয়েছে। লিমন অসুস্থ থাকায় সময়ের আবেদন করা হয়েছিল বলেও জানান এ আইনজীবী। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে পা হারায় কলেজছাত্র লিমন হোসেন। র‌্যাব ওই সন্ধ্যায় সন্ত্রাসী আখ্যা দিয়ে লিমনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা করে। পুলিশ র‌্যাবের করা অস্ত্র আইনের মামলায় গত বছরের ২৪ এপ্রিল এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গত ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। অন্যদিকে, লিমনের মা হেরো-আরা বেগম বাদী হয়ে ওই বছরের ১০এপ্রিল ৬ র‌্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে একটি মামলা করে। তিনি বলেন, “র‌্যাবের করা দু’টি মামলাতেই পুলিশ লিমনের বিরুদ্ধে চুপিসারে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।” র‌্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের করা মামলার পুলিশী তদন্তের চৌদ্দ মাসেও অগ্রগতি নেই বলে জানান তিনি। তবে র‌্যাবের বিরুদ্ধে দায়ের করা লিমনের মায়ের মামলাটি এখন তদন্তাধীন রয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানর উপ-পরিদর্শক হালিম তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৮ঘ.