২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে ট্রাকের ধাক্কায় এক শামুক ব্যবসায়ী এবং কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, রোববার ভোরে বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় শামুক ব্যবসায়ী নিহত শিবদাস বালা (৪০) নিহত হয়েছেন। তিনি মোল্লারহাটের গাওলা ইউনিয়নের চাকদা গ্রামের সুখচাঁদ বালার ছেলে। মোল্লারহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে সাইকেলে চড়ে ফকিরহাট যাওয়ার পথে ঢাকা-বাগেরহাট মহাসড়কের কেন্দুয়া সেতুর কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক পিছন থেকে শিবদাসকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিবদাসকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের কাচারীপাড়া চার রাস্তার মোড়ে ইট বোঝায় একটি ট্রলির ধাক্কায় ছয় বছরের এক শিশু নিহত হন। নিহত মেহনাজ কাচারীপাড়ার জিয়াউল হকের মেয়ে। ভেড়ামারা মডেল থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, মেহনাজের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চালকসহ ট্রলিটি আটক করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/১৬১৭ ঘ.