ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ চেয়ে আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
গত বুধবার থেকে লাগাতার অবস্থান ধর্মঘট চালিয়ে আসা শিক্ষক শিক্ষার্থীরা রোববার বেলা সাড়ে ১১টার দিকে বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে মৌন মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দশে রওনা হন। বকশিবাজার, ঢাকা মেডিকেল, জাতীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বরে পৌঁছানোর পর পুলিশের বাধায় আটকে যায় হাজার খানেক শিক্ষার্থী ও শিক্ষকের এই মিছিল।
পরে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে আসেন।
এর আগে শিক্ষক সমিতির নির্বাহী সদস্য মো. এহসান দোয়েল চত্বরে দাঁড়িয়ে স্মারকলিপিটি পড়ে শোনান।
রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে এতে বলা হয়, “বর্তমান উপাচার্য ও উপ উপাচার্য দুই বছর আগে দায়িত্ব নেওয়ার পর এই বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়, যা সরকারকে ক্রমাগত বিব্রত করছে এবং বিশ্ববিদ্যালয়কে অবনতির দিকে নিয়ে যাচ্ছে।
“আমরা আশা করি, আপনি (রাষ্ট্রপতি) চলমান সঙ্কট নিরসনকল্পে বর্তমান উপাচার্য ও উপাচার্যকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বুয়েটের দীর্ঘ ঐতিহ্য অনুসারে কেবল একজন উপাচার্য নিয়োগ করে এই প্রতিষ্ঠানের ঐতিহ্য সমুন্নত রাখার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন।”
বেলা পৌনে ১টার দিকে দোয়েল চত্বর থেকে আবার ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে শিক্ষকরা গণপদত্যাগ করবেন।
অবশ্য বুয়েট উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলে আসছেন, ‘অনৈতিক’ কোনো দাবির পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করবেন না।
শিক্ষক-শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে কর্তৃপক্ষ মঙ্গলবার হঠাৎ করে রোজা ও ঈদের ছুটি এগিয়ে আনলে বুধবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যা¤পাস।
ওইদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এক প্রতিবাদ সমাবেশ থেকে লাগাতার অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। এ দাবিতে একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ জন শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার মধ্যে বুয়েট সিন্ডিকেট উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করার সিদ্ধান্ত নিলেও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24