বরিশাল, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ৮৮ টিন নকল সরিষার তেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার রাতে নগরীর বালুর ঘাট এলাকা থেকে এই তেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে লঞ্চঘাট সংলগ্ন বালুর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মাদারীপুর থেকে ট্রাকে করে আনা ছোট বড় ৮৮ টিনের জার ভর্তি সরিষার তেলসহ তিনজনকে আটক করা হয়।
নকল সরিষার তেল মাদারীপুরে তৈরি করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা ইরানুল বলেন, টিনের জারে বগুড়া বিসিক শিল্প নগরীর সুমন অয়েল মিলের লেবেল ব্যবহার করার জন্য আটককৃতরা তা নিয়ে এসেছে।
আটককৃতরা হলেন-মাদারীপুরের কুনিয়া গ্রামের মৃত হাফেজ হাওলাদারের ছেলে মো. হাবীবুর রহমান (৪৫), ট্রাক চালক একই জেলার কুলফদ্ধি গ্রামের আব্দুল হাই মখদুমের ছেলে নজরুল ইসলাম শিশির (৪০) ও তার সহকারী বরগুনা জেলার আমতলী উপজেলার মৃত হাতেম সিকদারের ছেলে সবুজ সিকদার (৩০)।
এই ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০১৭ ঘ.
bdnews24