২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সুনেত্রে খনন শুরু করছে বাপেক্স

কুমিল্লার শ্রীকাইলে গ্যাস পাওয়ার পর এবার সুনামগঞ্জের ‘সুনেত্র’ স্ট্রাকচারে একটি অনুসন্ধান কূপ খনন শুরু করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 03:21 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার শ্রীকাইলে গ্যাস পাওয়ার পর এবার সুনামগঞ্জের ‘সুনেত্র’ স্ট্রাকচারে একটি অনুসন্ধান কূপ খনন শুরু করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুনেত্র স্ট্রাকচারে সোমবার থেকে খনন শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বৃষ্টি বেশি হলে তা দুই একদিন পিছিয়ে যেতে পারে।” এই স্ট্রাকচারের কিছু অংশ সুনামগঞ্জে এবং বাকিটা নেত্রকোনা জেলায় হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘সুনেত্র’। পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুতর্জা আহমেদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুনেত্র একটি সম্ভাবনাময় স্ট্রাকচার। আশা করছি এখানে বড় ধরনের মজুদ পাওয়া যাবে।” ইতোমধ্যে কূপ খননের জন্য রিগ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনসহ আনুসঙ্গিক সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, “রিগ বিজয়-১০ দিয়ে এখানে খনন করা হবে। ভূ-পৃষ্ঠ থেকে ৩ হাজার ৭০০ মিটার পর্যন্ত খননের পরিকল্পনা রয়েছে।” অনুসন্ধান কূপে সাফল্য পেলে সেখানে আরো কয়েকটি উন্নয়ন কূপ খননের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সুনেত্র তেল/গ্যাস অনুসন্ধান কূপ খনন শীর্ষক এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পের পরিচালক ও বাপেক্সের উপ-মহাব্যবস্থাপক (জিওফিজিক্যাল ডিভিশন) মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি জেলার কিছু অংশ নিয়ে এ স্ট্রাকচার নির্ধারিত হলেও প্রথম অনুসন্ধান কূপটি হচ্ছে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাভী গ্রামে। খনন শুরুর ৯০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।” এই কূপ খননের জন্য ওই এলাকায় ৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “গ্যাসপ্রাপ্তি নিশ্চিত হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের জন্য ৮০ কিলোমিটার গ্যাস সঞ্চালন লাইন বসানোর হবে। এটি কিশোরগঞ্জ এলাকায় বিনিয়ানা-ধুনয়া পাইপ লাইনে সংযুক্ত হবে।” বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) সহযোগী প্রতিষ্ঠান বাপেক্স এ পর্যন্ত চারটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে। ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুরে, ১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সালদায়, গত বছর ২৮ অগাস্টে নোয়াখালীর সুন্দলপুরে এবং শুক্রবার কুমিল্লার শ্রীকাইলে সর্বশেষ গ্যাসের মজুদ পায় প্রতিষ্ঠানটি। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক দুই হাজার ৭০০ থেকে তিন হাজার ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি গ্যাস উৎপাদন হচ্ছে। দেশে প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক মজুদ (প্রমাণিত ও সম্ভাব্য) ২০ দশমিক ৬২ ট্রিলিয়ন ঘনফুট। এ মজুদ থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত ১০ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে। এই হিসাবে গ্যাসের মজুদ রয়েছে ৯ দশমিক ৮৭ ট্রিলিয়ন ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/০৯১৫ ঘ.