ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছর আগের বিদ্রোহে জড়িত থাকার অপরাধে পিলখানার বিজিবি হাসপাতাল ইউনিটের ২৫৩ জওয়ানের সাজা হয়েছে।
বিদ্রোহের বিচারে গঠিত বিজিবির বিশেষ আদালত-১০ এ শনিবার এই দণ্ডাদেশ দেন কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান।
সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হয়েছে ৩৪ জনের। সবচেয়ে কম চার মাস কারাদণ্ড হয়েছে ছয়জনের।
এছাড়া ১৫ জনকে ৬ বছর, ১১ জনকে ৫ বছর, ১০ জনকে ৪ বছর, ৩৮ জনকে ৩ বছর, ২ জনকে ২ বছর ৬ মাস, ১১১ জনকে ২ বছর এবং ২৬ জনকে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিতদের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
এই মামলায় খালাস পেয়েছেন দুজন। এরা হলেন- মেডিক্যাল সহকারী মো. কুতুব উদ্দিন এবং সিপাহি মো. জাকির হোসেন। তারা দুজনই দোষ স্বীকার করেছিলেন।
পিলখানার বিজিবি হাসপাতালের মেডিক্যাল অ্যাসিটেন্ট নান্নু মিয়ার করা এই মামলায় ২৫৬ জনের বিরুদ্ধে ২০১০ সালের ২৮ এপ্রিল অভিযোগ গঠন হয়েছিল।
বিচার চলাকালে চলতি বছরের ২০ মে জহিরুল ইসলাম নামে এক আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম পরিবর্তিত হয়ে বিজিবি হয়েছে।
৪০ কার্যদিবসে এই মামলার রায় হয়েছে। মোট সাক্ষী ছিল ৯৯ জন এবং সাফাই সাক্ষী ছিল ১৯ জন। এই মামলার আসামিদের মধ্যে ৩২জন দোষ স্বীকার করেন।
রায়ের পর সংবাদ সম্মেলনে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল আলীম জানান, মহাপরিচালকের আদেশ অমান্য করা, বিদ্রোহ দমনে কোনো চেষ্টা না করে অংশগ্রহ করা, সেনা কর্মকর্তাদের মরদেহ পোড়ানোর চেষ্টা করা, বিভিন্ন ধরনের অপত্তিকর মন্তব্য, অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
তিনি জানান, বিচারের ক্ষেত্রে অপরাধের প্রকৃতি, আসামিদের পূর্ব আচরণ, বীরত্বপূর্ণ অবদান, চাকরিকালীন পদক পাওয়া, গ্রেপ্তারের পর থেকে কারাগারে থাকার মেয়াদ বিবেচনায় আনে আদালত।
এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, “বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে হিউম্যান রাইট ওয়াচ যে প্রতিবেদন দিয়েছে, তা বিভ্রান্তিকর এবং মনগড়া। শুধু তাই নয়, বিচারকালে তাদের কেউ বিচার কাজ সরাসরি দেখেননি বা সংশ্লিষ্টদের সঙ্গে কথাও বলেননি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬৩১ ঘ.
bdnews24