২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতু নিয়ে আর কোনো মন্তব্য নয়’

পদ্মা সেতু নিয়ে আর কোনো মন্তব্য না করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অনুসরণ করার জন্য দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভ্রান্তি এড়াতে পদ্মা সেতু সম্পর্কে আর কোনো মন্তব্য না করতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানালেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলা সমিতির অভিষেক অনুষ্ঠানে দলীয় নেতাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের সকলের বক্তব্য। তিনি যে কথা বলে গেছেন, যা বলছেন, পার্লামেন্টে বলেছেন, তারপর আরো দু একটি সভায় বলেছেন, আমার মনে হয় তার এ বক্তব্যকে আমাদের ফলো করা উচিত।” এ পর্যায়ে তিনি বলেন, “তার বক্তব্য আমার বক্তব্য। পদ্মা নিয়ে সবার কথা বলা উচিত নয়। একেক জন একেক কথা বললে, মেসেজ দিলে কনফিউশন তৈরি হয়।” প্রধানমন্ত্রী গত ৪ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা তুলে ধরেন। তবে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বুধবার বলেন, “আমি আশা করছি, এই মাসের মধ্যেই বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে একটি ইতিবাচক সাড়া পাব।” দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি করে গত ২৯ জুন ২৯০ কোটি ডলারের পদ্মা প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার চুক্তি বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া নিয়ে ‘আবেগকাতরতা’ ত্যাগ করতেও পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, “শুধু পদ্মা পদ্মা করে চিৎকার করলে হবে না। জনগনের নিত্যদিনের দুর্ভোগ কমানোই এই মুহুর্তের সবচেয়ে বড়ো এজেন্ডা হওয়া উচিত।” এর আগে বিশেষ অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “বিশ্ব ব্যাংকও তাদের সিদ্ধান্ত প্রতাহার করবে, আমাদেরকে আবার অর্থায়ন দিতে এগিয়ে আসবে।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পানি সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাক্ষণবাড়িয়া পৌরসভা মেয়র মো. হেলাল উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১০৪৮ ঘ.