২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মার নামে ভোটের তহবিল করা হচ্ছে’

দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন সংগঠন থেকে পাওয়া অর্থ সরকারি দল নির্বাচনের সময় খরচ করবে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন সংগঠন থেকে পাওয়া অর্থ সরকারি দল নির্বাচনের সময় খরচ করবে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের নতুন ধোঁয়া তুলেছে। আসলে তারা নির্বাচনকে সামনে রেখে সেতু নির্মাণের নামে টাকা সংগ্রহের নতুন ধান্ধা শুরু করেছে।” শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনশন কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব একথা বলেন। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের পর সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয়। এরপর দেশবাসীর পক্ষ থেকে অভূতপূর্ব সাড়া মিলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন এই মুহূর্তে অসম্ভব মনে করে আসা বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “সামনে নির্বাচন। সেজন্য জনগণের পকেট থেকে চাঁদা আদায় করতে এ রকম কৌশল নিয়েছে তারা নিয়েছে। “তারা বলছে, পদ্মা সেতু নির্মাণে জনগণ টাকা দেবে। স্কুলের বাচ্চারা টিফিনের পয়সা বাঁচিয়ে টাকা দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না কি এক কোটি টাকা দেবেন। এভাবে সারাদেশে এখন চাঁদাবাজি শুরু হয়ে গেছে।” পদ্মা সেতু নির্মাণে সহায়তা হিসেবে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সরকারি কর্মচারীরা তাদের একদিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন। মুক্তিযোদ্ধারাও তাদের ভাতার একটি অংশ দেবেন বলে জানিয়েছেন। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের জন্য সরকারকে পুরোপুরি দায়ী করে ফখরুল বলেন, “দেশের মানুষ জানে, কেন বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করেছে। বর্তমান সরকার চুরি করতে গিয়ে ধরা পড়েছে।” যুবদল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনসহ আটক নেতাদের মুক্তির দাবিতে ঢাকা-১৮ আসনের বিএনপি নেতা-কর্মী-সমর্থকদের অনশন কর্মসূচিতে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, “সাগর-রুনি ও সৌদি দূতাবাসের কর্মকর্তার খুনিরা এখনো ধরা পড়েনি। দ্র্রব্যমূল্য দিন দিন বেড়ে চলেছে। দলীয়করণের ফলে বুয়েটসহ সব শিক্ষাঙ্গনের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে।” বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারের নিন্দা জানান বিএনপির মুখপাত্র। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারকে নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য করতে হবে।” মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামীমুর রহমান শামীম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, মামুন হাসান প্রমুখ। এর আগে সকালে দলের নতুন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন ফখরুল। দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার এ সময় উপস্থিত ছিলেন। গত সপ্তাহে দলের চেয়ারপারসন খালেদা জিয়া গ্র্রাম সরকার বিষয়ক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে নতুন বিভাগ রংপুরের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৫ ঘ.