২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর সাইকেল পার্কিং নিয়ে নারী সাংবাদিক লাঞ্ছিত

মোটরসাইকেল পার্ক করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রামে এক নারী সাংবাদিককে লাঞ্ছিত করেছে ফার্নিচার দোকানের মালিক ও তার কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোটরসাইকেল পার্ক করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রামে এক নারী সাংবাদিককে লাঞ্ছিত করেছে ফার্নিচার দোকানের মালিক ও তার কর্মচারীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর আসকার দীঘির পাড়ে কর্ণফুলী টাওয়ারের নিচ তলায় এ ঘটনা ঘটে। পুলিশ ফার্নিচার দোকানের মালিক কাউছার বেগম, কর্মচারী নিখিল দাস ও সুমনকে আটক করেছে। লাঞ্ছনার শিকার দৈনিক কালের কণ্ঠ চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার ফেরদৌস লিপি কোতয়ালী থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্ণফুলী টাওয়ারের নিচতলায় সিঁিড়র পাশে মদিনা ফার্নিচারের কর্মচারীরা একটি ভ্যানে ফার্নিচার বোঝাই করছিল। এসময় পাশে পার্ক করা সাংবাদিকদের মোটর সাইকেল রাস্তায় ফেলে দিতে বলেন মালিক কাউছার বেগম। কালের কণ্ঠ চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার রাশেদুল তুষার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময় নিচে থাকা কয়েকজন সাংবাদিক এর প্রতিবাদ জানান। একপর্যায়ে কাউছার বেগম উত্তেজিত হয়ে তাদের মারতে উদ্যত হলে কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ফেরদৌস লিপি তাকে বাধা দেন। একপর্যায়ে ফেরেদৗস লিপিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ফার্নিচার দোকানের মালিক। ঘটনার পর পুলিশ এসে কাউছার বেগমসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় সাংবাদিক ফেরদৌস লিপি লিখিত অভিযোগ করেছেন। পরবর্তীতে ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসকার দীঘির পাড়ের কর্ণফুলী টাওয়ারে কালের কণ্ঠ ছাড়াও ডেইলি সান, বাংলাভিশন, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, বণিক বার্তা, বাংলানিউজ, সকালের খবর এর চট্টগ্রাম ব্যুরো অফিস রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৪১ ঘ.