২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএসডি যুগ্মসচিবের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে এক যুগ্মসচিবের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টারে এক যুগ্মসচিবের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। বুধবার রাতে জানালার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে। মৃত মনোয়ার হোসেন (৫৮) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছিলেন বলে পুলিশ জানায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, জানুয়ারি মাসে মনোয়ারকে ওএসডি করা হয়। এরপর থেকে হতাশায় ভুগছিলেন তিনি। কাফরুল থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে ন্যাম গার্ডেনের অফিসার্স কোয়ার্টার থেকে মনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ভবনের ৭ তলায় সপরিবারে থাকতেন মনোয়ার হোসেনের পরিবার। মৃতের ছেলে সাজ্জাদ হোসেনের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতেও মনোয়ার একা একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতে বারান্দার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি ঝুলে পড়েন। স্বজনরা ঘুম থেকে উঠে তাকে ওই অবস্থায় দেখে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা পুলিশকে বিষয়টি না জানিয়ে লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১২৩ ঘ.