ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ দফা দাবিতে রাজধানীতে অটোরিকশা ধর্মঘটের দ্বিতীয় দিনে চালকদের সমাবেশ লাঠিপেটা করে ভণ্ডুল করে দিয়েছে পুলিশ।
জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশ করতে গেলে পুলিশ লাঠিপেটা করে বলে জানান অটোরিকশা চালকেরা। এ সময় কয়েকজন চালক আহত হয় এবং পুলিশ চার জনকে ধরে নিয়ে যায় বলে তারা জানান।
ধর্মঘটের দ্বিতীয় দিনেও নগরীতে অটোরিকশা চলতে দেখা যায়নি।
নতুন ৫ হাজার অটোরিকশা চালকদের মধ্যে বিতরণ এবং পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে ঢাকার অটোরিকশা চালকরা।
বুধবার সকালে প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের এক যৌথ সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়।
শাহবাগ থানার পেট্রোল পরিদর্শক (পিআই) মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে থেকে অটোরিকশা চালকরা প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছিল। তাদেরকে জড়ো হয়ে রাস্তা-বন্ধ করতে নিষেধ করা হয়। কিন্তু তা না শুনে মিছিল শুরু করে। এ সময় পুলিশ তাদেরকে ধাওয়া দিলে রাস্তার পাশে থাকে লোহার ব্যারিকেডে আটকে কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে লাল মিয়া (৬০) ও খোকনকে (৫৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কাউকে আটক করা হয়নি বলে তিনি দাবি করেন।
তবে আহত খোকন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের শান্তিপূর্ন সমাবেশ পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় চার চালককে পুলিশ ধরে নিয়ে যায়।
অটোরিকশা চালকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে নতুন ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে বিতরণের ব্যবস্থা নেওয়া, অতিরিক্ত জমা আদায়কারি মালিকদের গ্যারেজে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা পার্কিং জোন স্থাপন, চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে পুনর্পরীক্ষার বিষয়টি বন্ধ করা, প্রাইভেট অটোরিকশা ভাড়ায় চালানো বন্ধে ব্যবস্থা নেওয়া ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৩৪২ ঘ.
bdnews24