বগুড়া, জুলাই ১১ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- ‘প্রয়োজনীয় উদ্যোগের অভাবে’ প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিতে পারছেন না নয়জন শিল্পোদ্যোক্তা।
বৃহস্পতিবার ঢাকার ওসমানী মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তাদের পুরস্কার নেওয়ার কথা ছিল।
কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিসিক কর্তৃপক্ষ এই উদ্যোক্তাদের অনুষ্ঠানে থাকা সংক্রান্ত অনুমতি না নেওয়ায় তারা উপস্থিত থাকতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে বিসিক’র বিপণন বিভাগের উপ-মহাব্যস্থাপক মো. সামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যেতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতির প্রয়োজন হয় তা তাদের জানা ছিল না।
তাছাড়া দ্রুত সব কিছু করতে হয়েছে। এদিকে কারো খেয়াল ছিল না।
পরে এক সময় তাদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
বগুড়ার মেসার্স মিল্টন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক আজিজার রহমান মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিসিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প উদ্যোক্তাদের কাছে থেকে আবেদন চাওয়া হয়। সারা দেশের ৪০৮ জনের মধ্য থেকে নয়জনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
পুরস্কার পেয়েছেন ক্ষুদ্রশিল্পে বগুড়ার আজিজার রহামান মিল্টন, ঢাকার ধামরাইয়ের এমবি আলম খন্দকার, কেরানিগঞ্জের হোসেন সিকদার, কুটিরশিল্পে সাতক্ষীরার সুরেশ পান্ডে, গোপালগঞ্জের রাণী বিশ্বাস, ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ার নীলুফার ইয়াসমিন এবং মাঝারি শিল্পে চট্টগ্রামের কালুরঘাটের আব্দুস সালাম, চট্টগ্রামের ফৌজদারহাটের তাজুল ইসলাম ও বরিশালের এম এ কালাম।
গত ৩০মে বিসিকের ৫৫তম প্রতিষ্ঠা বাষির্কীতে এদের ক্রেস্ট ও সনদ দেওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী কাতার সফরে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে নতুন তারিখ ঠিক করা হয় ১২ জুলাই।
আজিজার রহমান মিল্টন বলেন, রোববার শিল্প মন্ত্রণালয়ে ৯ শিল্প উদ্যোক্তার নাম পাঠায় বিসিক কর্তৃপক্ষ। কিন্তু অনুষ্ঠানে যেতে এই নয়জনের জন্য বিসিক কর্তৃপক্ষ স্বরাষ্ট মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ায় শিল্প মন্ত্রণালয় তাদের ওই অনুষ্ঠানে যাওয়া হবে না বলে জানিয়ে দেয়।
“অনেকদিনের স্বপ্ন ছিল প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পাওয়া। কিন্তু বিসিকের ভুলের কারণে সে স্বপ্ন পূরণ হল না,” বলেন মিল্টন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৬ ঘ.
bdnews24