২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকের পর ৪৩ রোহিঙ্গাকে ফেরত

টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৪৩ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে সীমান্ত রক্ষা বাহিনী- বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৪৩ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে সীমান্ত রক্ষা বাহিনী- বিজিবি। বুধবার বেলা ৩টার দিকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে তাদের ফেরত পাঠানো হয় বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা জানান। বিজিবি ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত পৌনে ১টা থেকে বুধবার সকাল ১১টা পর্যন্ত টেকনাফের পৃথক তিনটি স্থানে মিায়ানমার থেকে আসা ৪৩ রোহিঙ্গাকে আটক করা হয়। টেকনাফ সীমান্তবর্তী শাহ পরীর দ্বীপের গোলার চর, দমদমিয়া ও হ্নীলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বেলা ৩টার দিকে একটি ইঞ্জিনচালিত বোটে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে জানান লে. কর্নেল জাহিদ। গত মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা ও বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হলে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে পালাতে শুরু করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানালেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে। দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের পর তাদের নিয়ে সঙ্কটে রয়েছে বাংলাদেশ। তাই নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এইচএ/১৯৩১ ঘ.