২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ২২টি হরিণের মাংস উদ্ধার

বরগুনায় ২২টি হরিণের মাংস ও একটি জীবিত হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

বরগুনা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় ২২টি হরিণের মাংস ও একটি জীবিত হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হরিণের মাংস আদালতের নির্দেশে বুধবার বিকেল পাঁচটার দিকে মাটিতে পুতে ফেলা হয়েছে। গত মঙ্গলবার রাতে হরিণ জবাই করার সময় পাথরঘাটার জ্বীনতলা এলাকা থেকে ট্রলার বোঝাই ৩৫০ কেজি হরিণের মাংস ও একটি জীবিত হরিণ উদ্ধার করে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কেই আটক হয়নি। বরগুনার পাথরঘাটায় নিয়মিত হরিণ শিকার, মাংস বিক্রি ও শিং ও চামড়া বিক্রির অভিযোগ রয়েছে। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লে. হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন বিভাগের বিট কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এক অভিযানে রাত দেড়টার দিকে একটি জীবিত হরিণসহ ৩৫০ কেজি মাংস উদ্ধার করেন তারা। তবে হরিণ শিকারী ও মাংস বিক্রেতাদের ধরতে পারেনি কোস্টগার্ড। কমান্ডার বলেন, “হরিণের মাংসের মধ্যে ৮৮টি পা পেয়ে আমরা নিশ্চিত হই ২২টি হরিণ জবাই করা হয়েছে।” তিনি জানান, উদ্ধারকৃত হরিণের মাংস বুধবার দুপুরে পাথরঘাটার বিচারিক আদালতে নিয়ে যাওয়া হলে পাথরঘাটার ম্যাজিস্ট্র্রেট মাসুদুর রহমান মাংসগুলো মাটির নিচে পুতে ফেলার নির্দেশ দেন। পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা আবদুল লতিফ জানান, জীবিত হরিণটি তাদের হেফাজতে রয়েছে। “সুস্থ্য হলে বনে ছেড়ে দেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১২ঘ.