২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের মধ্যস্থতায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিকদের আলোচনার পর ভোলায় পরিবহণ ধর্মঘট প্রত্যাহার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ভোলা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের মধ্যস্থতায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিকদের আলোচনার পর ভোলায় পরিবহণ ধর্মঘট প্রত্যাহার হয়েছে। ফলে তিন দিন পর বুধবার দুপুর থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে। গত রোববার ভোলা সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার পরদিন থেকে বাস ধর্মঘট শুরু হয়েছিল। ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে ভোলা বাস মালিক সমিতি ও ভোলা সরকারি কলেজ কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসে জেলা প্রশাসন। এতে পুলিশ কর্মকর্তারাও ছিলেন। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের পর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। বৈঠকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বশির আহমেদ, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভিন আখতার এবং আবুল কালামসহ বাস মালিক সমিতির নেতারা ছিলেন। ভাড়া নিচে বচসার জের ধরে রোববার ব্যাপক সংঘর্ষে জড়ায় ছাত্র ও শ্রমিকরা। সংঘর্ষে শ্রমিক নিহত হওয়ার পর কলেজে ব্যাপক ভাংচুর চালানো হয়। এর আগে ভাংচুর হয় বেশ কিছু বাস। কলেজের শিক্ষার্থীরা বুধবার সকালেও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। অধ্যক্ষ পারভিন আখতার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক থেকে সাংবাদিকদের বের করে দেওয়ায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সব সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে স্থানীয় সাংবাদিকরা। এর প্রতিবাদে ভোলা প্রেসক্লাবে একটি সভা থেকে এই ঘোষণা দেন প্রেসক্লাব সভাপতি এম এ তাহের। প্রশাসনের কার্যালয়ে ওই বৈঠকে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে ধর্মঘটের সমালোচনা করে বক্তব্য দেওয়া হলে পুলিশ সুপার বশির আহমেদ উপস্থিত সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৩ ঘ.