২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি বুঝে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে ডিসিদের আহ্বান

ভূমি ও পানির সহজপ্রাপ্যতার ভিত্তিতে কৃষি স্থানান্তরে জনগণকে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি ও পানির সহজপ্রাপ্যতার ভিত্তিতে কৃষি স্থানান্তরে জনগণকে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার তার জন্য নির্ধারিত কার্যঅধিবেশন শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের উত্তরাঞ্চলে জমি অনেক উঁচু। পানির সমস্যা থাকার পরও সেখানে সব মৌসুমে ধানের চাষ হচ্ছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলে পর্যাপ্ত পানি থাকার পরও সব সময় ধানের চাষ হচ্ছে না। “এ অবস্থায় সহজে পানি পাওয়া যায় এমন এলাকায় ধান চাষে উৎসাহ দেওয়া এবং উত্তরাঞ্চলের জমিতে বর্ষার মৌসুমে ধান চাষ ও অন্য সময় অন্য ফসল চাষকে উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে,” বলেন তিনি। মতিয়া চৌধুরী বলেন, ডিসিদের সঙ্গে বৈঠকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় কৃষি জমিতে জলাবদ্ধতা নিয়েও আলোচনা হয়েছে। তাদের এসব সমস্যা আমাদের আগে থেকেই জানা রয়েছে। তাই আমরা আমাদের পদক্ষেপের কথা তাদের জানিয়েছি। বৈঠকে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষি উপকরণ বিতরণের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং কৃষি গবেষণা বিভাগ মিলে কাজ করতে ডিসিদের পরামর্শ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কোনো সমস্যা হলে তা দ্রুত কেন্দ্রকে জানাতেও ডিসিদের বলা হয়েছে, তিনি বলেন। ডিসি সম্মেলনে এ কার্যঅধিবেশনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসও উপস্থিত ছিলেন। এতে বার্ড ফ্লু ও অ্যানথ্রাক্সের মতো রোগের বিস্তার রোধ এবং সীমান্ত দিয়ে রোগাক্রান্ত পশু দেশে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩৭ ঘ.