নারায়ণগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় এই ঘটনা ঘটে।
দিঘীবরাব এলাকার আব্দুল মতিন জানান, তার বাড়িতে শান্তা ও তার স্বামী সানি ভাড়া থাকতেন। তবে তাদের আর কোনো পরিচয় তার জানা নেই।
এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী সানিসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে।
এলাবাসীর উদ্ধৃতি দিয়ে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তা ও সানির মধ্যে প্রায়ই মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়।
এলাকার লোকজন সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে শান্তার লাশ দেখে পুলিশে খবর দেয়।
ঘটনার পর পর বাড়ির লোকজন পালিয়ে যায়।
রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১৩ঘ.
bdnews24