ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেনমার্কের অর্থায়নে আগামী অগাস্ট থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন শুরু হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী ফারুক খান।
বুধবার সকালে কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে ডেনিশ ঠিকাদারি প্রতিষ্ঠান মুংক এশফল্টের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত করেছে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ।
মন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, “এ প্রকল্পে ডেনমার্ক প্রায় ৪৪৫ কোটি টাকা দেবে। আশা করা যাচ্ছে, অগাস্ট মাসের প্রথমদিন থেকেই আধুনিকায়নের কাজ শুরু হয়ে যাবে।”
বেসামরিক বিমান কর্তৃপক্ষের গণসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম জানান, এ প্রকল্পের আওতায় বিমানবন্দরের ট্যাক্সিওয়ের উন্নয়ন এবং ট্যাক্সিওয়ের কোড লেটার ‘ডি’ থেকে ‘ই’ তে উন্নীত হবে। ট্যাক্সিওয়েতে সেন্ট্রাল লাইটিং ব্যবস্থাও বসানো হবে।
“এ প্রকল্প বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার (ইকাও) মানদ- অনুযায়ী শাহজালাল বিমানবন্দর ক্যাটাগরি ১ থেকে ২ এ উন্নীত হবে।”
এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৩০ কোটি টাকা। এর মধ্যে ডেনমার্ক ৪৪৫ কোটি টাকা দেবে। বাকি ৮৫ কোটি টাকা ব্যয় করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রকল্পের সময় ধরা হয়েছে ২১ মাস।
কর্মকর্তারা জানান, বিমানবন্দর উন্নয়নের এ প্রকল্পে অর্থায়নের জন্য ২০০৩ সালে ডেনমার্কের কাছে প্রস্তাব পাঠায় বেসামরিক বিমান কর্তৃপক্ষ। ডেনমার্ক ২০০৪ সালে ইতিবাচক সাড়া দেয়। প্রকল্পের কারিগরি সহায়তার বিষয়ে ২০০৬ সালে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তিও হয়।
২০০৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেকে) ৪১৪ কোটি টাকার এ প্রকল্প পাস করলে দুই দফা দরপত্র ডেকে ২০১০ সালে ড্যানিশ প্রতিষ্ঠান মুংক এশফল্টকে এই কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/জেকে/১৫০৯ ঘ.
bdnews24