ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব পালনে অবহেলা করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আউটসোর্সিং প্রতিষ্ঠানের দুজন কর্মীকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে মিরপুরে বিআরটিএ কার্যালয় আকষ্মিক পরিদর্শনকালে মন্ত্রী এ নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী বিআরটিএ-র বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ বিভিন্ন সেবাগ্রহণে আগত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবাগ্রহীতাদের কাছ থেকে অভিযোগ পেয়ে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান টাইগার আইটি-র কর্মী মো. রেজাউল করিম এবং ফিটনেস প্রদান ও যানবাহন কর গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিএনএস লিমিটিডের কর্মী মো. মকলেসুর রহমানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৮১৭ ঘ.
bdnews24