সাভার, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে ছেলের সঙ্গে বিবাদের জেরে কয়েকজন সঙ্গী তার বাবাকে হত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন।
মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার বক্তারপুর চৌরাস্তায় পিটুনি ও ছুরিকাঘাতে নিহত ঠাকুর দাস রাজবংশী (৫৫) পোড়াবাড়ী মহল্লার বাসিন্দা। তিনি সাভার বাসস্ট্যান্ডের চকোরী মাকের্টে মাছ বিক্রি করতেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারীঘটিত একটি বিষয় নিয়ে এক সপ্তাহ আগে নিহতের ছেলে পানু রাজবংশীর সঙ্গে তার বন্ধু প্রাণ গোপাল, হরি গোপাল ও বাঙ্গু’র কথা কাটাকাটি হয়। ওই সময় বাঙ্গুকে ছুরিকাঘাত করে পানু পালিয়ে যায়।
পরে এ নিয়ে একটি শালিশী বৈঠকেও ঘটনাটির কোন সুরাহা না হওয়ায় তার বন্ধুরা ক্ষিপ্ত হয়।
এর জেরে সকাল সোয়া ১০টার দিকে তার সঙ্গীরা ঠাকুর দাসকে হত্যা করে বলে পরিবারের সদস্যরা জানান, বলেন এই পুলিশ কর্মকর্তা।
ওসি আরো বলেন, পুলিশের দুটি টিম হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের স্ত্রী চন্দ্রমতি আলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলের অপরাধের কারণে আমার নিরপরাধ স্বামীকে প্রকাশ্যে হত্যা করেছে ওরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭২৭ ঘ.
bdnews24