২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংসদে সমালোচনা করলেও বাইরে তদবির’

চিকিৎসকদের গ্রাম থেকে বদলির জন্য ‘এমন সব জায়গা’ থেকে তদবির করা হয় যে মন্ত্রণালয় তা এড়াতে পারে না- বলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের গ্রাম থেকে বদলির জন্য ‘এমন সব জায়গা’ থেকে তদবির করা হয় যে, স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর তা এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা। মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, চিকিৎসকদের গ্রাম থেকে বদলি হয়ে রাজধানী বা বড় শহরে আসার প্রবণতার কারণ খুঁজতে হবে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার মধ্যে। উপদেষ্টা বলেন, “সংসদে মন্ত্রী এমপিরা স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ধুয়ে দেন। কিন্তু বাইরে এসেই বদলির তদবিরের একটা স্লিপ ধরিয়ে দেন। তদবির এমন জায়গা থেকে আসে কিছু করার থাকে না। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর যতটুকু সম্ভব চেষ্টা করে, কিন্তু রিয়েলিটি হচ্ছে- কিছু কিছু জায়গায় কিছু করার থাকে না।” মোদাচ্ছের আলী দাবি করেন, তিনি নিজে কখনো বদলির তদবির করেন না। অনেক সময় এগুলো এড়ানোর জন্য ‘ডাহা মিথ্যা কথাও’ তাকে বলতে হয়। চিকিৎসকরা যাতে গ্রামে নিজেদের কর্মস্থলে থেকে ঠিকমতো দায়িত্ব পালন করেন- সেজন্য বহুবার তদের হুঁশিয়ার করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এর ওপর চিকিৎসকদের পদোন্নতি নির্ভর করবে বলেও একাধিকবার উল্লেখ করেছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “মন্ত্রণালয়ের বারান্দা দিয়ে হাঁটলেও ৫/৭টা বদলির তদবিরের স্লিপ পাওয়া যায়। শতভাগ নিয়ম নীতি পালন সম্ভব নয়, এটা মেনে নিয়েছি।” তবে বর্তমান সরকারের সময়ে প্রান্তিক পর্যায়েও স্বাস্থ্য সেবা পৌঁছানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন মহাপরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমডি/জেকে/১৭০১ ঘ.