২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষী না আসায় ১০ ট্রাক মামলায় জেরা পেছাল

দশ ট্রাক অস্ত্র আটকের দুই মামলার সাক্ষী পুলিশের সাবেক ডিআইজি (সিআইডি) ফররুখ আহমেদ আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র আটকের দুই মামলার সাক্ষী পুলিশের সাবেক ডিআইজি (সিআইডি) ফররুখ আহমেদ আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সাবেক ডিআইজি ফররুখের জেরা হওয়ার কথা ছিল। কিন্তু তিনি না আসায় বিচারক আগামী ২৯ জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রাখেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গত ৩ জুলাই এ মামলায় সাক্ষ্য দেন ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গঠিত সরকারি তদন্ত দলের সদস্য ফররুখ আহমদ। ওইদিন বিকালে তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন। এরপর ৪ ও ৫ জুলাই তাকে দিনভর জেরা করা হয়। “কিন্তু এরপর জেরার জন্য স্থানীয় পুলিশ, সিআইডি এবং আমি নিজে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। উনি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী।” বিষয়টি ‘অস্বাভাবিক’ মন্তব্য করে তিনি বলেন, “বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।” সাক্ষীর জেরা না হলেও মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক দুই এনএসআই প্রধানসহ ১০ আসামিকে মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/জেকে/১৬২৯ ঘ.