২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় সংঘর্ষ: গ্রামবাসীর বিরুদ্ধে দুটি মামলা

বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় আন্দোলনরত গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কয়েক শ’ গ্রামবাসীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 07:55 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

দিনাজপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় আন্দোলনরত গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কয়েক শ’ গ্রামবাসীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। পার্বতীপুর থানা পুলিশ এবং বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ সোমবার রাতে মামলা দুটি দায়ের করে। কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্তদের শতভাগ ক্ষতিপূরণের দাবিতে ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটির’ ডাকে টানা ২১ দিন অবস্থান কর্মসূচি পালনের পর গ্রামবাসী সোমবার খনি অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। পরে ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমানের সমাধানের আশ্বাসে আন্দোলন কর্মসূচি ২২ জুলাই পর্যন্ত স্থগিত করে জীবন ও সম্পদ রক্ষা কমিটি। পার্বতীপুর থানার ওসি (তদন্ত) সম্ভুনাথ সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের দায়ের করা মামলায় ওই কমিটির আহবায়ক ইব্রাহিম খলিল ও সদস্য সচিব বেলালউদ্দিনসহ অজ্ঞাত পরিচয় ৩-৪শ’ জনকে আসামি করা হয়েছে। তিনি জানান, সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর, গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ আনা হয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে। অন্য মামলাটি দায়ের করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডে উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মাহমুদুর রহমান হাওলাদার। দলবদ্ধভাবে খনির নিরাপত্তা কর্মীদের কার্যালয় ভাংচুর, নিরাপত্তা কর্মীদের মারধর, সাইকেল ও মটরসাইকেলে অগ্নিসংযোগ ও খনি ফটকে ভাংচুর এবং সম্পদের ক্ষতি করার অভিযোগে ইব্রাহিম ও বেলালসহ অজ্ঞাত পরিচয় ৩-৪ শ’ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৩৫০ ঘ.