২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমসি কলেজের ঘটনা তদন্ত করবে জেলা প্রশাসন

ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ এবং ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনা তদন্তে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 06:10 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সিলেট, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ এবং ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনা তদন্তে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ আটক করেছে আরো ৯ জনকে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, এমসি কলেজের ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলমকে প্রধান করে ৫ সদস্যের এই কমিটি করা হয়েছে। কমিটি শিগগিরই কাজ শুরু করবে। ছাত্রলীগ কর্মীরা রোববার সন্ধ্যায় শিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাসের দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে এমসি কলেজ ছাত্রাবাসের চারটি ভবনের শতাধিক কক্ষে আগুন দেওয়া হয়। এতে ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৭০টির মতো কক্ষ। এ ঘটনার সোমবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিলেট এমসি কলেজের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া উপাধ্যক্ষ আল হেলাল ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদস্ত কমিটি করে কলেজ কর্তৃপক্ষ। অধ্যাপক আল হেলাল ভূঁইয়া মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কাল থেকে কাজ শুরু করব। বুধবার সকাল ১১টায় নিজেরা বসব। পরে ঘটনাস্থল ঘুরে ছাত্রাবাসের সুপার, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলব।” কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তিনি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী জানান, সংঘর্ষ ও ছাত্রবাসে আগুনের ঘটনায় সোমবার শওকত হাসান মানিক নামে এক ছাত্রলীগ কর্মী এবং কলেজ কর্তৃপক্ষ দুটি মামলা করে। এ ঘটনায় পুলিশ সোমবার রাতে আরো ৯ জনকে আটক করেছে বলে জানান তিনি। এর আগে সোমবার ভোরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ শিবিরকর্মীকে আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২০৩ ঘ.