ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে এক বস্তির তালাবন্ধ ঘর থেকে এক নারীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম রেখা বেগম (৩৫)। পুলিশের ধারণা, তিন/চার দিন আগে তাকে হত্যার পর ঘরে তালা মেরে পালিয়ে যায় তার স্বামী আবদুল মতিন।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ২টার দিকে সিটি কলোনির লোকজন এসে জানায়, ওই বস্তির তালাবন্ধ একটি ঘর থেকে দুর্গন্ধ আসছে।
“পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে রেখার জবাই করা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে লাশ ময়নাদতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রেখার স্বামী আবদুল মতিন পলাতক বলে এসআই সিদ্দিক জানান।
তিনি বলেন, “লাশের পাশে মেঝেতে একটি ছুরি পাওয়া গেছে। ওই ছুরি দিয়েই মতিন স্ত্রীকে হত্যা করে পালিয়েছে বলে আমাদের ধারণা।”
প্রতিবেশীদের জিজ্ঞাসা করে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৩২ ঘ.
bdnews24