২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়ি থেকে মুদ্রা- সব নিয়ে প্রদর্শনী

‘কড়ি দিয়ে কিনলাম’- এই যুগে কথাটি একদমই বেমানান হলেও দূর অতীতের সেই কড়িই ফিরিয়ে আনল জাতীয় জাদুঘর। তবে কেনার জন্য নয়, দেখার জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 05:38 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘কড়ি দিয়ে কিনলাম’- এই যুগে কথাটি একদমই বেমানান হলেও দূর অতীতের সেই কড়িই ফিরিয়ে আনল জাতীয় জাদুঘর। তবে কেনার জন্য নয়, দেখার জন্য। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সোমবার শুরু হওয়া এক প্রদর্শনীতে আবহমান বাংলার ধাতব মুদ্রা ও কাগজে নোটের পাশাশাপাশি স্থান পেয়েছে কড়িও। জাদুঘরের সহকারী কিপার শরিফুল ইসলাম জানান, পাল ও সেনযুগে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। প্রাচীনকাল থেকে আঠার শতক পর্যন্ত বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত এসব কড়ি সংগৃহীত হয়েছে মাগুরা থেকে। প্রাচীন যুগ, পাল-সেন যুগ, সুলতানি ও মুঘল আমলসহ ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শাসকের আমলে বাংলা অঞ্চলে প্রচলিত বিভিন্ন মুদ্রা থেকে শুরু করে ব্রিটিশ, পাকিস্তানি ও স্বাধীন বাংলাদেশের মুদ্রা ও কাগজে নোট নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খৃস্টপূর্ব পাঁচশত বছর থেকে বর্তমান আমলের ৮০০ মুদ্রা প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জাদুঘরে ৫৩ হাজার প্রাচীন মুদ্রা রয়েছে। বাংলার স্বাধীন সুলতানদের রৌপ্যমুদ্রাও দেখার সুযোগ রয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ব্রিটিশ আমলের পঞ্চম জর্জ, সপ্তম অ্যাডওয়ার্ড ও মহারাণী ভিক্টোরিয়ার আমলের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রিটিশ ভারতীয় কাগজে নোট। আব্বাসীয় যুগের স্বর্ণমুদ্রা দিনার এবং উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের শাসনামলে প্রচলিত রৌপ্যমুদ্রা দিরহামের স্থানও হয়েছে এই প্রদর্শনীতে। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বিকালে উদ্বোধন করার পরই মুদ্রা প্রদর্শনী দেখতে ভিড় করেছিলেন ছোট-বড় সব বয়সী মানুষ। এদেরই একজন ১০ বছর বয়সী রবিন। বরিশালের ছেলে রবিন এসেছে চাচা আলমগীর আহমেদের হাত ধরে। ঘুরে ঘুরে সে দেখেছে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে বের করা স্মারক মুদ্রাও। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ২০০৯ সালে ‘কারেন্সি মিউজিয়াম’ করা হয়েছিল। বড় আঙ্গিকে ‘টাকা জাদুঘর’ নামে এর পুনর্গঠনের কাজ চলছে। মুদ্রার এই প্রদর্শনী চলবে ২০ জুলাই পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/২৩৩৪ ঘ.