২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর মামলার শুনানি পেছাল

আদালতে উপস্থিত না করায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে বিচার কাজ রোববার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে উপস্থিত না করায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে বিচার কাজ রোববার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ১৬টি ঘটনায় গত ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। সোমবার নিজামীর বিরুদ্ধে মামলার সূচনা বক্তব্য তুলে ধরার কথা ছিলো প্রসিকিউশনের। তবে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে আদালতে হাজির করার জন্য ট্রাইব্যুনালের নির্দেশে নিজামীকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, “যার বিরুদ্ধে অভিযোগ তার আদালতে উপস্থিত থাকার অধিকার রয়েছে এবং সূচনা বক্তব্য বিচার প্রক্রিয়ার এতো গুরুত্বপূর্ণ অংশ যে অভিযুক্তের আদালতে উপস্থিত হয়ে তা শোনা উচিত।” জবাবে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, “আসামিপক্ষের আইনজীবীরা এ অবস্থান নিবেন জানলে তাকে চট্টগ্রামে নেওয়ার অনুমতি দিতাম না।” এছাড়া ঠিকমতো প্রস্তুতি নিতে না পারার কথা বলে আসামিপক্ষের সাক্ষীর তালিকা ও নথিপত্র জমা দেওয়ার জন্য চার সপ্তাহ সময়ের আবেদন করেন তাজুল ইসলাম। আসামিপক্ষের দুই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী রোববার পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি করে আদালত। এ ছাড়া আগামী ২২ জুলাইয়ের মধ্যে আসামিপক্ষের সাক্ষীর তালিকা জমা দেওয়ারও আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত বছর ১১ ডিসেম্বর জামায়াতের আমিরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উপস্থাপন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। পরে গত ৯ জানুয়ারি এ অভিযোগ আমলে নেয় আদালত। নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশন যেসব ঘটনা তুলে ধরেছে তার মধ্যে রয়েছে একাত্তরের ডিসেম্বরে পাবনার বেড়া থানার বৃশালিকা গ্রাম ঘেরাও করে ৭০ জনকে গুলি করে হত্যা এবং ৭২টি বাড়িতে আগুন দেওয়া, ডেমরা ও বাউশগাড়ী গ্রামে ৪৫০ জন নারী পুরুষকে গুলি করে হত্যা, সাথিয়া উপজেলার করমচা গ্রামে মন্দিরের সামনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা। এর বাইরে ধর্ষণ ও লুটপাটের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এএল/২০০৮ ঘ.