২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তান হত্যার জন্য ফাঁসিতেই ঝুলতে হচ্ছে ছালেহকে

দুই মাস বয়সী শিশু সন্তান ও স্ত্রীকে শ্বাসরোধে হত্যার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত ছালেহ নূরের আপিলের আবেদন খারিজ করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মাস বয়সী শিশু সন্তান ও স্ত্রীকে শ্বাসরোধে হত্যার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত ছালেহ নূরের আপিলের আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে আসামি এখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন। তিনি আবেদন না করলে বা রাষ্ট্রপতি ক্ষমা না করলে জেল কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে। ২০০২ সালের ৫ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনার ফকিরপাড়া গ্রামে বাসিন্দা ছালেহ নূর তার স্ত্রী আয়েশা বেগম এবং ২ মাস বয়সী শিশু কন্যা আমাতুন নুরকে গলাটিপে হত্যা করে বলে আদালতে প্রমাণিত হয়। হত্যাকাণ্ডের ১৫ দিন পর রাঙ্গুনিয়া থানায় আত্মসমর্পণ করেন ছালেহ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, ২০০১ সালেও সুরাইয়া আক্তার নামে ২০ মাস বয়সী আরো এক মেয়েকে তিনি হত্যা করেছিলেন। ২০০৫ সালের ২১ জুন চট্টগ্রামের অতিরিক্তি দায়রা জজ নূর মো. জাহাঙ্গীর সরকার মামলার একমাত্র আসামি ছালেহ নূরকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ২০০৯ সালের ২ অক্টোবর হাই কোর্ট ডেথ রেফারেন্সের শুনানি করে জজ আদালতের দণ্ড বহাল রাখে। এ রায়ের বিরুদ্ধে ছালেহ নূর আপিলের আবেদন করলে এখন এই আবেদনটিও খারিজ করলো আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সোহরাওয়ার্দী বলেন, অভিযুক্ত তার পরিবারের একের পর এক সদস্যকে হত্যা করে আসছে। তার কাছে সমাজ নিরাপদ নয়। ছাড়া পেলে ভবিষ্যতে সে এ ধরনের আরো ঘটনা ঘটাতে পারে। অন্যদিকে আসামি মানসিকভাবে সুস্থ নয় বলে আদালতে যুক্তি তুলে ধরেন হেলাল উদ্দিন মোল্লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০০০ ঘ.