২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে কোচ ধর্মঘট চলছে

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের কোচ চলাচল দ্বিতীয় দিনও বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

বগুড়া, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের কোচ চলাচল দ্বিতীয় দিনও বন্ধ রয়েছে। রোববার থেকে এই ধর্মঘট শুরু হয়। সোমবার সকাল ১০টায় ঢাকার গাবতলী কোচ মালিক সমিতি কার্যালয়ে একটি জরুরি বৈঠকের কথা থাকলেও তা হয়নি। অচলাবস্থা নিরসনে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবন লবিতে দু’পক্ষের মধ্যে আবরো বৈঠক হওয়ার কথা রয়েছে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। এদিকে, ধর্মঘটের ফলে ঢাকা ও উত্তারঞ্চলগামী মানুষ দুর্ভোগে পড়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ মিটুল সাংবাদিকদের বলেন, সোমবার ঢাকায় বৈঠকের কথা থাকলেও অজ্ঞাত কারণে তা ভেস্তে যায়। মঙ্গলবার সংসদ ভবন লবিতে দুপুর ১২টায় বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে মন্ত্রী এবং জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকার কথা রয়েছে বলে তিনি জানান। ওই বৈঠকেও সমঝোতা না হলে উত্তরবঙ্গে সব ধরনের পরিবহন ধর্মঘট ডাকা হবে বলে তিনি হুমকি দেন। দুপুরে বগুড়া ঠনঠনিয়া কোচ টার্মিনালে গিয়ে অনেক যাত্রীকে বসে থাকতে দেখা যায়। সোনাতলা উপজেলার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ত্রী-সন্তান নিয়ে ঢাকা যাওয়া তার খুবই জরুরি। ট্রেনে টিকিট পাওয়া যায়নি। মিনিবাস চলাচল করলেও অতিরিক্ত যাত্রী বোঝায় হওয়ার কারণে শিশু ও স্ত্রীকে নিয়ে ওঠা খুবই কষ্টকর হবে। তাই কোচ ধর্মঘট ভাঙার প্রতীক্ষায় আছি।” ধর্মঘট না ভাঙলে সোনাতলায় ফিরে যাবেন বলে তিনি জানান। গত রোববার (৩০ জুন) মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী কোচের দুটি এসি বাস চলাচল নিয়ে দ্বন্দ্বের জেরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি ও উত্তরবঙ্গ বাস মালিক সমিতি ধর্মঘট আহ্বান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.