নিউইয়র্ক, ৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
রোববার ব্র“কলিনের সুগন্ধা রেস্তোরাঁয় ব্র“কলিন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তারা দুর্নীতির অভিযোগে অর্থায়ন বাতিল করায় বিশ্বব্যাংকের প্রতি তীব্র নিন্দা জানান। পদ্মা সেতু নির্মাণের প্রকল্প অব্যাহত রাখার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, “গ্রামীণ ব্যাংক থেকে ড. মুহম্মদ ইউনূসকে প্রচলিত রীতি অনুযায়ী অপসারণের হিংসায় যারা জ্বলছে তাদেরই কাজ এটা। ড. ইউনূস হচ্ছেন বিশ্বব্যাংকের বিশ্বাস্ত দালাল, এজন্যে বাংলাদেশের বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যা অপবাদ দেয়া হয়েছে।”
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে এডিবি, আইডিবি ও জাইকারও ঋণ দেওয়ার কথা ছিল। বিশ্ব ব্যাংকের পর এডিবিও সরে দাঁড়িয়েছে।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের রূপরেখা গত রোববার সংসদে তুলে ধরে এই অর্থবছরেই কাজ শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জিয়াউদ্দিন কানুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা পদ্মা সেতুর জন্য বাংলাদেশে অধিক হারে বৈদেশিক মুদ্রা পাঠানোর কথা বলেন।
এ সমাবেশ থেকে ১১ জুলাই বুধবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আহবান জানানো হয়।
এদিকে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের প্রতিবাদে জাতিসংঘের সামনের নর্থ আমেরিকা আওয়ামী লীগের উদ্যোগে আরেকটি সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ড. প্রদীপ কর এবং পরিচালনা করেন এ সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১১৪৮ ঘ.
bdnews24