২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় দুই স্কুল ছাত্রী নিহত

রাজশাহীর বিড়ালদহ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 06:38 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

রাজশাহী, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বিড়ালদহ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনায় আরো দুই ছাত্রী ও ঘাতক ট্রাকের চালকের সহকারী আহত হয়েছে। নিহতরা বিড়ালদহ উচ্চ বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণী ছাত্রী ছিল। যুঁথীর বাবা জয়নাল আবেদীন এবং ফাল্গুনীর বাবা রইছ উদ্দিন। তারা টোনাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত দুই স্কুল ছাত্রী হচ্ছে- মাইপাড়া গ্রামের কেয়ামনি শাপলা (১৩) ও টোনাপাড়া গ্রামের রেশমা (১৩) এবং ট্রাক চালকের সহকারী রাজশাহীর রাজপাড়া থানার কাঠালবাড়িয়া এলাকার বাসিন্দা হেলাল (৩০)। তাদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুঠিয়া থানার উপ পরিদর্শক মো. মুরাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী একটি খালি ট্রাক স্কুল ছাত্রীদের চাপা দেয়। এতে ঘটনা স্থলেই মারা যায় যুঁথী এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় ফাল্গুনী। এ সময় আরো দুই ছাত্রী আহত হয়। ছাত্রীদের চাপা দেওয়ার পর ট্রাকটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় চালকের সহকারী ট্রাক থেকে ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন তিনি। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকের চালক তৌফিকুল ইসলাম রনিকে আটক করে পুলিশে সোপার্দ করে। রনির বাড়ি রাজপাড়া থানার কাঠালবাড়িয়া এলাকায়। ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩৬ঘ.