সিলেট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ এবং ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে।
এ ঘটনায় এ পর্যন্ত ১৫ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষ সোমবার কলেজ বন্ধ রেখেছে।
শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার জানান, শওকত হাসান মানিক নামে এক ছাত্রলীগ কর্মী সোমবার সকালে এ মামলা দায়ের করেন। এতে ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ৬০-৭০ জন অজ্ঞাতপরিচয় শিবিরকর্মীকে আসামি করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার জানান, রোববার সংঘর্ষ ও ছাত্রাবাসে অগ্নিসংযোগের পর রাতে জরুরি বৈঠক করে কলেজ সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
“আজ (সোমবার) কলেজের শিক্ষক পরিষদ ও একাডেমিক কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”
এদিকে সংঘর্ষের ঘটনায় নগরীর বিভিন্ন স্থান থেকে ১৫ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
ওসি এনামুল মনোয়ার জানান, সোমবার ভোর রাতে শহরে শিবিরনিয়ন্ত্রিত বিভিন্ন ছাত্রাবাস ও মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগরীর উপশহর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আটক করা হয় সিলেট সরকারি কলেজ শাখা শিবিরের সেক্রেটারি মামুন হোসাইন ও এমসি কলেজ ছাত্রাবাস শাখা সভাপতি রাসেল, শিবিরনেতা নোমান ও সিদ্দিককে।
এছাড়া মেজরটিলার একটি মেস থেকে আটজন, দক্ষিণ সুরমা দুইজন এবং জল্লারপাড় থেকে একজন শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, ছাত্রলীগকর্মীরা রোববার সন্ধ্যায় শিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাস নিজেদের নিয়ন্ত্রণে নিতে গেলে সংঘাতের সূত্রপাত হয়। সংঘর্ষের পর এমসি কলেজ ছাত্রাবাসের চারটি ভবনের শতাধিক কক্ষে আগুন দেওয়া হয়।
এতে ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৭০টির মতো কক্ষ।
তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার ব্রিগেড কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই সব কক্ষে ছাত্রদের বই-খাতা, কম্পিউটার, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/জেকে/১১৪৫ ঘ.
bdnews24