২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাল হত্যা: আদালতে আসামি রাজুর জবানবন্দি

যশোরের শার্শার সাংবাদিক জামাল উদ্দিন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার এজাহারভুক্ত আসামি রাজু মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 04:01 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

বেনাপোল, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শার সাংবাদিক জামাল উদ্দিন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার এজাহারভুক্ত আসামি রাজু মল্লিক। মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজু বিচারকের কাছে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।” জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাভেদ ইমাম রোববার আসামি রাজুর জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জবানবন্দিতে রাজু বলেন, মাদক ব্যবসা নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় জামাল উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। মোবাইল ফোনে তাকে কাশিপুর বাজারে ডেকে নিয়ে কোমলপানীয়ের সঙ্গে খাওয়ানো হয় নেশাদ্রব্য। এরপর তাকে গরু জবাই করার ছুরি দিয়ে কোপানো হয়। উপ-পরিদর্শক মাহফুজ জানান, রাজু এই হত্যায় জড়িত আরো সাতজনের নাম জবানবন্দিতে বলেছেন। যশোরের দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক ও শার্শা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন গত ১৫ জুন খুন হন। শার্শার কাশিপুর বাজারে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে এবং একটি চোখ তুলে ফেলে। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত শুক্রবার গভীর রাতে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া থেকে রাজুকে আটক করে র‌্যাব। পরে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়। হত্যাকাণ্ডে পরদিন এ মামলার অন্যতম আসামি তোতার স্ত্রী লতা বেগমকে আটক এবং রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ। লতাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০০ ঘ.