২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় সাবেক বন্দর কর্মকর্তা কারাগারে

দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান হাইড্রোগ্রাফার হাবিবুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান হাইড্রোগ্রাফার হাবিবুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ বি এম নিজামুল হক রোববার হাবিবুরকে কারাগারে পাঠানোর পাশাপাশি একই মামালায় তার স্ত্রী রুখসানা খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতির মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক এই কর্মকর্তা ও তার স্ত্রী উচ্চ আদালতের রায়ে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। গত ৫ জুলাই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই গত ২৭ জুন সিএমএম আদালতে জামিন বাড়ানোর আবেদন করেন তারা। তিনি বলেন, এ আদালতের এখতিয়ার না থাকায় হাবিবুর রহমানকে কারাগারে এবং আদালতে অনুপস্থিত থাকায় তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। পিপি জানান, ২০০৭ সালে দুদকের নোটিশ পেয়ে এক কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৩৭৯ টাকার সম্পদের হিসাব জমা দেন বন্দরের তৎকালীন প্রধান হাইড্রোগ্রাফার হাবিবুর রহমান ও তার স্ত্রী। ‘কিন্তু দুদকের অনুসন্ধানে তাদের ওই সম্পত্তির এক কোটি ২৫ হাজার ৮৩ টাকার কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি।’ এরপর ২০০৮ সালের ২৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় দুর্নীতি দমন ও প্রতিরোধ আইনের কয়েকটি ধারায় একটি মামলা হয়। জামিনের মেয়াদ বাড়াতে ২৭ জুন করা আবেদনের শুনানির দিন রোববার হাবিবুর রহমান আদালতে হাজির হলে তাকে গ্রেপ্তারের এ আদেশ দেওয়া হয় বলে জানান পিপি মাহমুদুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/২১৪৪ ঘ.